ঈদের ছুটিতেও ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা জারি

ঈদুল ফিতরের ছুটির মধ্যেও (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। পরে এটি কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও) সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুযায়ী ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখতে হবে। তবে ঈদের দিন (২১ মার্চ, চাঁদ দেখা সাপেক্ষে) সব ব্যাংক বন্ধ থাকবে।
এছাড়া আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকায় বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি রাখা হবে। গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বিজ্ঞাপন
নির্দেশনায় আরও বলা হয়েছে, সাভার, গাজীপুর, টঙ্গি, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্পঘন এলাকায় এই সুবিধার আওতায় ব্যাংক খোলা থাকবে। ১৭ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় নির্ধারণ সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজভাবে করবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এ ধরনের সীমিত শাখা খোলা রাখার মাধ্যমে আমদানি-রপ্তানি, শিল্প ও অর্থনৈতিক কার্যক্রমে ছুটির দিনেও বড় ধরনের বাধা তৈরি হবে না। এতে ব্যবসায়ী, গ্রাহক ও শিল্পী সম্প্রদায়ের সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।








