Logo

ঈদের বাজারে আদার ঝাঁজ, স্বস্তিতে পেঁয়াজ-রসুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ১২:০১
ঈদের বাজারে আদার ঝাঁজ, স্বস্তিতে পেঁয়াজ-রসুন
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। কোরবানির মাংস রান্নায় মসলার চাহিদা বাড়লেও এবার বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। তবে আদার দাম কিছুটা বাড়তি থাকলেও পেঁয়াজ, রসুনসহ বেশিরভাগ মসলার দাম স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বড় বাজারে বেশিরভাগ মসলার দাম নিয়ন্ত্রণে থাকলেও পাড়া-মহল্লার ছোট দোকানগুলোতে কিছু পণ্যে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা।

বাজারে বর্তমানে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, যা সপ্তাহখানেক আগের তুলনায় ২০ থেকে ৩০ টাকা বেশি। তবে পেঁয়াজ ও রসুনের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। আমদানি করা রসুনের দাম ১৪০ থেকে ১৬০ টাকা হলেও দেশি রসুন পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।

বিজ্ঞাপন

বিক্রেতাদের ভাষ্য, আদার বাজার কিছুটা চড়া হলেও অন্য মসলার সরবরাহ স্বাভাবিক রয়েছে। মালিবাগের এক ব্যবসায়ী জানান, এক সপ্তাহ আগেও আদার দাম আরও বেশি ছিল। এখন কিছুটা কমেছে। অন্যদিকে পেঁয়াজ, রসুন বা শুকনা মরিচের দাম বাড়েনি।

গরম মসলার বাজারেও তেমন পরিবর্তন নেই। প্রতি ১০০ গ্রাম জিরা ৬০-৭০ টাকা, এলাচ ৪৫০-৫০০ টাকা, কালো এলাচ ৩৮০-৪০০ টাকা, দারুচিনি ৪৫-৫০ টাকা, লবঙ্গ ১৩০-১৫০ টাকা এবং গোলমরিচ ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

তবে স্থানীয় ছোট বাজারগুলোতে একই পণ্যে বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনেক এলাকায় প্রতি ১০০ গ্রাম মসলায় ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দাম চাওয়া হচ্ছে।

রামপুরার এক মসলা ব্যবসায়ী বলেন, ডলার সংকটের সময় মসলার দাম বেড়েছিল। এবার ঈদকে কেন্দ্র করে নতুন করে গরম মসলার দাম বাড়েনি।

ক্রেতাদের অনেকে বলছেন, বড় বাজারের তুলনায় মহল্লার দোকানগুলোতে দাম বেশি। এক গৃহিণী জানান, বড় বাজারে জিরা ও এলাচের দাম স্বাভাবিক থাকলেও স্থানীয় দোকানে বেশি দাম নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে খুচরা ব্যবসায়ীদের দাবি, কম পরিমাণে পণ্য কিনতে হওয়ায় পরিবহন ও সংরক্ষণ ব্যয় বেশি পড়ে। এজন্য বড় বাজারের সমান দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হয় না।

সবজির বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা আগে ৮০ থেকে ১০০ টাকা ছিল।

বিজ্ঞাপন

তবে ডিমের বাজারে এখনও বাড়তি দাম রয়েছে। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকার মধ্যে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD