Logo

সাধারণ মানুষের দাবি : বাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কমুক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৯:১৮
সাধারণ মানুষের দাবি : বাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কমুক
ছবি : জনবাণী গ্রাফিক্স

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপন করেছে সরকার। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ এবং গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মোট বিনিয়োগ জিডিপির ৩১ দশমিক ৪ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন

তবে বাজেটের এসব অর্থনৈতিক সূচক সাধারণ মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাদের একমাত্র প্রত্যাশা— নিত্যপণ্যের দাম কমুক, জীবনযাত্রার ব্যয় সহনীয় হোক। বাজেট ঘিরে রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।

ট্রাকচালক শহিদুল ইসলাম বলেন, বাজেট বা জিডিপি নিয়ে তিনি তেমন কিছু বোঝেন না। তার একটাই চাওয়া, বাজারে নিত্যপণ্যের দাম কমুক। তিনি বলেন, বর্তমানে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ফুটপাতের ব্যবসায়ী আব্দুস সালামও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ব্যবসা ভালো যাচ্ছে না। পরিবার গ্রামের বাড়িতে রেখে ঢাকায় থাকতে হয়। নিত্যপণ্যের দাম কমলে কিছুটা স্বস্তি পাওয়া যেত।

ব্যবসায়ী বলেন, সরকারের উচিত এমন অর্থনৈতিক পরিবেশ তৈরি করা, যেখানে ধনী-গরিব সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে।

রাজধানীর দোকানি মাসুম জানান, বাজেট নিয়ে সংবাদ পড়লেও তার আগ্রহ থাকে পণ্যের দাম বাড়লো নাকি কমলো— সেটাই জানার মধ্যে। তার মতে, সবকিছুর দাম কমলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।

বিজ্ঞাপন

উবারচালক তৌহিদ অভিযোগ করেন, প্রতিবছর বাজেটে বিড়ি-সিগারেটসহ কিছু পণ্যের ওপর কর বাড়ানো হয়, যার প্রভাব বাজারে পড়ে। তবে এবার বাজেট ঘোষণার আগেই এসব পণ্যের দাম বেড়ে গেছে।

তিনি বলেন, যারা ধূমপান করেন তারা বাড়তি দামে কিনলেও, এর প্রভাব পড়ে সাধারণ ভোক্তার ওপর। তাই বাজারে আগাম মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন।

বিজ্ঞাপন

তৌহিদ বলেন, বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার ব্যয় কমানো।

বেসরকারি চাকরিজীবী আতোয়ার রহমান বলেন, প্রতি বছর বাজেট ঘোষণার সময় সাধারণ মানুষের প্রত্যাশা থাকে পণ্যের দাম কমার। কিন্তু বাস্তবে সেই সুফল খুব কমই দেখা যায়।

তিনি বলেন, বিলাসপণ্যের ওপর কর বাড়লেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি মেলে না। এমন বাজেট দরকার, যার সরাসরি প্রভাব বাজারে পড়ে এবং মানুষের খরচ কমে আসে।

বিজ্ঞাপন

অর্থনীতির জটিল হিসাব কিংবা প্রবৃদ্ধির সূচকের চেয়ে সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে বড় বিষয় জীবনযাত্রার ব্যয়। তাই নতুন বাজেট ঘিরে তাদের প্রত্যাশা একটাই— নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমুক, সংসারের চাপ কিছুটা হলেও লাঘব হোক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD