দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার গহনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এক ভরি সোনার গহনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
বিজ্ঞাপন
স্থানীয় বাজারে সোনার মূল্য কমে যাওয়ায় এই সমন্বয় আনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার গহনার মূল্য নির্ধারণ করে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সোনার গহনার ওপর ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা নির্ধারিত ভ্যাট আরোপ করা হয়। এতে উন্নত মানের সোনার গহনার দাম এক ধাক্কায় ৯ হাজার ১৩ টাকা কমে যায়।
এরপর শুক্রবার আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয় ২২ ক্যারেট সোনার গহনার দাম। সব মিলিয়ে গত তিন দিনে প্রতি ভরিতে দাম কমেছে ১৫ হাজার ৬০৩ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা।
বিজ্ঞাপন
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
এর আগে গতকাল ১৯ জুন সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা।
বিজ্ঞাপন
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
অন্যদিকে, সোনার গহনার ক্ষেত্রে নতুন ভ্যাট কাঠামো চালু হলেও রুপার অলংকারের জন্য আগের নিয়ম বহাল রয়েছে। অর্থাৎ নির্ধারিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে।
বর্তমানে ২২ ক্যারেট রুপার এক ভরির দাম ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৫ হাজার ১৬ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ২০৮ টাকায় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন








