দুই দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম

টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় পৌঁছেছে।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বশেষ মূল্যতালিকা অনুসারে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি যোগ হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে, গত ২০ জুন সোনার দাম সমন্বয় করে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
বিজ্ঞাপন
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৭৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।
এদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস করা হয়েছিল।







