সবজির পর এবার পেঁয়াজের বাজারে বড় ধাক্কা

দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে শাক-সবজির দাম বেড়ে যাওয়ার পর এবার বাজারে নতুন করে অস্বস্তি তৈরি করেছে পেঁয়াজের মূল্যবৃদ্ধি। কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। ফলে সাধারণ ক্রেতাদের জন্য নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কেনাও কঠিন হয়ে পড়ছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরা এলাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে পেঁয়াজের এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি-বন্যার কারণে সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হওয়ায় বাজারে পেঁয়াজের দাম বাড়ছে।
বাজারে দেখা যায়, ভালো মানের বাছাই করা পেঁয়াজ খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কয়েক দিন আগেও একই পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে। মাঝারি বা ছোট আকারের পেঁয়াজ কিনতেও এখন ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাইকারি বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি ৫ কেজি (এক পাল্লা) ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। অথচ গত সপ্তাহেও এর দাম ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে মোকাম থেকে ঢাকায় পেঁয়াজ আনার ক্ষেত্রে পরিবহন সমস্যার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গুদামে পানি ঢুকে পেঁয়াজ নষ্ট হওয়ার কারণেও বাজারে চাপ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
মালিবাগ রেলগেট কাঁচাবাজারের বিক্রেতা আবদুল হাকিম বলেন, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে ঢাকার বাজারে বড় অংশের পেঁয়াজ আসে। কিন্তু সাম্প্রতিক বৃষ্টির কারণে এসব এলাকার মোকামেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে ক্রেতাদের অনেকেই ব্যবসায়ীদের এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন। বাজার করতে আসা মামুন বলেন, কয়েক দিন আগেও ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। এখন একই পণ্যের জন্য ২০ টাকা বেশি দিতে হচ্ছে। একসঙ্গে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
আরেক ক্রেতার অভিযোগ, অনেক সময় ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য নানা অজুহাত দেখান। তার মতে, সরবরাহ সংকটের পাশাপাশি বাজার ব্যবস্থাপনার বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন।
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হলে পেঁয়াজের সরবরাহে চাপ অব্যাহত থাকতে পারে। ফলে সামনে দাম আরও বাড়বে কি না, তা নির্ভর করছে সরবরাহ পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনার ওপর।








