সবজির বাজারে অগ্নিমূল্য, কাঁচামরিচ বিক্রি ৪০০ টাকা কেজি

হবিগঞ্জের চুনারুঘাটে এক সপ্তাহের ব্যবধানে হু হু করে বেড়েছে সবজির দাম। সরবরাহ সংকট ও টানা বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ার কথা বললেও, ক্রেতাদের অভিযোগ—একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করে তুলেছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, যা এখন প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে লম্বা বেগুন ১০০ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ১০০ থেকে ১২০ টাকা এবং বরবটি ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়, লেবু প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, লাউ ৭০ থেকে ১০০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৬০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা এবং জালি কুমড়া ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
শুধু সবজিই নয়, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজারও ঊর্ধ্বমুখী। চাল, ডাল, চিনি ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে, ফলে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাজারে কেনাকাটা করতে আসা অনেক ক্রেতার অভিযোগ, বৃষ্টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিচ্ছেন। নিয়মিত বাজার তদারকির অভাব থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে তাদের দাবি।
তবে খুচরা বিক্রেতা জাবেদ মিয়া বলেন, টানা বৃষ্টির কারণে অনেক এলাকার সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বাইরের জেলা থেকে সবজি বহনকারী ট্রাক সময়মতো না পৌঁছানোয় পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের ভোগান্তিতে ফেললে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








