কটিয়াদীতে কাঁচা মরিচের দামে ঝাঁজ, কেজি ৪০০ টাকায়

কয়েক দিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে কিশোরগঞ্জের কটিয়াদীতে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। এর মধ্যে কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৮০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বিজ্ঞাপন
স্থানীয় বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিবৃষ্টির কারণে অনেক এলাকার মরিচ ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা সময়মতো জমি থেকে উৎপাদিত ফসল সংগ্রহ করতে পারছেন না। এর সঙ্গে পরিবহন সংকট যুক্ত হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে। ফলে অল্প সময়ের ব্যবধানে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে।
কটিয়াদী বাজারসহ আশপাশের কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগেও তুলনামূলক স্বাভাবিক দামে কাঁচা মরিচ বিক্রি হলেও বর্তমানে এর দাম প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ বেড়েছে। কোথাও কোথাও প্রতি কেজি কাঁচা মরিচ ৩৮০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম এতটা বেড়ে যাওয়ায় বাজারে এসে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় বাজারের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি কেজি বেগুন ১০০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, করলা ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পটল ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, আলু ২৫ টাকা, কচু ৬০ টাকা, শসা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, আদা ১৬০ টাকা এবং রসুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউয়ের দাম রাখা হচ্ছে ৫০ টাকা। তবে কাঁচা মরিচের দামে বিভিন্ন বাজারে ভিন্নতা রয়েছে।
বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানান, মাত্র কয়েক দিনের ব্যবধানে সবজির দাম অনেক বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সবজির দামও বাড়ায় সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সবজি বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে কৃষকরা অনেক জায়গায় জমি থেকে সবজি সংগ্রহ করতে পারছেন না। কোথাও কোথাও ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এতে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকরা নিয়মিত সবজি সংগ্রহ করতে পারবেন এবং বাজারে সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে আশা করছেন তারা।
বিজ্ঞাপন
সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা এক সরকারি চাকরিজীবী বলেন, বর্ষা মৌসুমে প্রতিবছরই সবজির বাজারে কিছুটা অস্থিরতা দেখা যায়। তবে এবার কাঁচা মরিচসহ কয়েকটি সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কটিয়াদী বাজারের সবজি বিক্রেতা কাঞ্চন মিয়া বলেন, কিছুদিন আগেও সবজির দাম তুলনামূলক কম ছিল। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এখন সব ধরনের সবজির দাম বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টির কারণে ঢাকাসহ বিভিন্ন স্থানে সবজি সরবরাহ কমে গেছে। ফলে বাজারে এর প্রভাব পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে। তবে আবহাওয়া ভালো হলে সরবরাহ স্বাভাবিক হয়ে সবজির দাম কমে আসবে বলে আশা করেন তিনি।
এদিকে বাজারসংশ্লিষ্টদের মতে, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার বিষয়টি যেমন খতিয়ে দেখা প্রয়োজন, তেমনি এর সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়াচ্ছে কি না, সেটিও নজরদারির আওতায় আনা দরকার। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিবহন ও সরবরাহব্যবস্থা সচল রাখার পাশাপাশি পাইকারি ও খুচরা পর্যায়ে নিয়মিত বাজার তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন তারা।








