Logo

নিম্ন আয়ের পরিবারের জন্য ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩২
নিম্ন আয়ের পরিবারের জন্য ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার
ছবি: সংগৃহীত

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ ডাল সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে মসুর ডাল কেনার এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির আওতায় মোট ৭৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে মোট চারটি দরপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে সবগুলো দরপ্রস্তাবকেই কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরবর্তীতে দরপত্রের নির্ধারিত সব প্রক্রিয়া শেষ করে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি (টিইসি) সর্বনিম্ন রেসপনসিভ দরদাতা হিসেবে খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডকে নির্বাচনের সুপারিশ করে।

টিইসির সুপারিশ অনুযায়ী, নির্বাচিত প্রতিষ্ঠানটির কাছ থেকে টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি কেজি ৭৬ টাকা ৮৯ পয়সা দরে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন। এরই মধ্যে ১৭ হাজার ৫২৮ মেট্রিক টন মসুর ডাল কেনা হয়েছে। নতুন করে আরও ১০ হাজার মেট্রিক টন ডাল কেনা হলে টিসিবির মসুর ডালের মজুত বাড়বে। এসব ডাল পরে টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে নির্ধারিত ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় টিসিবি নিয়মিতভাবে কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করে থাকে। এরই অংশ হিসেবে চলতি অর্থবছরে মসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পর্যায়ক্রমে ডাল কেনা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD