Logo

এবার এলএনজি নিয়ে বড় সংকটের মুখে বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৮
এবার এলএনজি নিয়ে বড় সংকটের মুখে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার কথা জানিয়েছে কাতার। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহকারী কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়ানোর পর সরবরাহ সংকটের বিষয়টি সামনে এসেছে।

বিজ্ঞাপন

ইতালির জ্বালানি কোম্পানি এডিসন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এডিসনের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের পর এলএনজি সরবরাহে প্রথমবারের মতো বড় ধরনের বিঘ্ন ঘটে। তখন কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ জারি করে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তী সময়ে একাধিকবার এর মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এডিসন জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের আগে কাতার থেকে তাদের কাছে আর কোনো এলএনজি কার্গো পৌঁছানোর কথা নেই। একই সময়ে এশিয়ার বাণিজ্যিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দীর্ঘমেয়াদি চুক্তিভিত্তিক এলএনজি আমদানিকারকদেরও নভেম্বর পর্যন্ত সরবরাহ না পাওয়ার বিষয়ে অবহিত করা হয়েছে।

সংঘাতের কারণে কাতারের এলএনজি রপ্তানিতেও বড় ধরনের প্রভাব পড়েছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিআইএসের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে কাতার ৫০৯টি এলএনজি কার্গো পাঠালেও চলতি বছরের আগস্ট পর্যন্ত এ সংখ্যা নেমে এসেছে মাত্র ১৮টিতে।

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ কাতারের এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে কাতারের সরবরাহ সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শীত মৌসুম সামনে রেখে ইউরোপ ও এশিয়ার বাজারে গ্যাসের মজুত নিশ্চিত করার প্রতিযোগিতাও বাড়ছে। সরবরাহ সীমিত থাকার পাশাপাশি চাহিদা বাড়লে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে কাতারএনার্জি এডিসনের আরও ছয়টি এলএনজি কার্গো বাতিল করেছে বলে জানিয়েছে ইতালীয় প্রতিষ্ঠানটি। এর ফলে কাতার থেকে সরবরাহ না পাওয়া এডিসনের মোট চালানের সংখ্যা বেড়ে ৩৫টিতে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরবরাহ ঘাটতি মোকাবিলায় এডিসন বিকল্প উৎস হিসেবে মূলত যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারীদের ওপর নির্ভর করছে। প্রতিষ্ঠানটির সঙ্গে কাতারএনার্জির ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদি চুক্তি রয়েছে।

বিজ্ঞাপন

ওই চুক্তির আওতায় কাতারএনার্জি এডিসনকে বছরে ৬ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করার কথা। তবে বর্তমান পরিস্থিতিতে চুক্তিভিত্তিক সরবরাহেও বড় ধরনের ব্যাঘাত তৈরি হয়েছে।

বাংলাদেশের জন্য কাতারের এলএনজি সরবরাহে এই বিঘ্ন দেশের জ্বালানি ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষ করে শীত মৌসুমের আগে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধি হলে এলএনজি আমদানির ব্যয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD