Logo

সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৭:৪১
সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে সরকার
ছবি: সংগৃহীত

২০২৭ পঞ্জিকাবর্ষে ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে (ইআরপিএলসি) প্রক্রিয়াকরণের জন্য সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

একই সঙ্গে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের বিডিং সময় ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের জন্য সৌদি আরবের আরামকো এবং আবুধাবির আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডনক) থেকে জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে ক্রুড অয়েল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ তেল আমদানি করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিপিসি এরই মধ্যে জি টু জি চুক্তির আওতায় সৌদি আরামকো ও এডনক থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করে থাকে। ইআরপিএলসির প্ল্যান্টটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এর জন্য ‘অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল’ ও ‘মারবান ক্রুড অয়েল’ তুলনামূলকভাবে বেশি উপযোগী ও অর্থনৈতিকভাবে লাভজনক বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে আরও বলা হয়, চাহিদা অনুযায়ী অন্য কোনো দেশ বা সরবরাহকারীর কাছ থেকে এসব ক্রুড অয়েল পাওয়ার নিশ্চয়তা নেই। এ কারণে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরকারি ক্রয় আইন (পিপিএ) ২০০৬-এর ৬৮(১) ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর বিধি ১০৭(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রুড অয়েল আমদানির প্রস্তাব করা হয়।

প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালে সৌদি আরবের সৌদি আরামকো ও আবুধাবির এডনক থেকে মোট ১৪ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হবে। এর অর্থায়নের উৎস হিসেবে আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) ঋণের কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় জি টু জি প্রক্রিয়ায় কেনার নীতিগত অনুমোদনের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটির নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

এ ছাড়া ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে বিপিসির পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের বিডিং সময় ৪২ দিনের পরিবর্তে ২১ দিন করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিডিংয়ের সময়সীমা কমিয়ে ২১ দিন করা হলে প্রয়োজন অনুযায়ী দ্রুত পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। প্রস্তাবটিও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD