Logo

ঢাকায় কত ব্যাটারিচালিত রিকশা, সরকার কি জানে?

profile picture
পারভেজ আবীর
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৯
ঢাকায় কত ব্যাটারিচালিত রিকশা, সরকার কি জানে?
ফাইল ছবি।

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা নতুন কোনো দৃশ্য নয়। বহু বছর ধরেই অলিগলি, আবাসিক এলাকা ও শহরের প্রান্তে এগুলো চলতে দেখা গেছে। কিন্তু গত দুই বছরে সেই পরিচিত দৃশ্য অনেকটাই বদলে গেছে। আগে মূল সড়কে খুব একটা চোখে পড়ত না, এখন প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চোখে পড়ছে অনেক বেশি। রিকশা বেড়েছে, ছড়িয়ে পড়েছে শহরের আরও অনেক সড়কে। কিন্তু কতটা বেড়েছে, তার নির্ভরযোগ্য হিসাব নেই।

সরকারের কাছে কি সেই হিসাব আছে?

৫ আগস্টের আগে ঢাকায় কত ব্যাটারিচালিত রিকশা ছিল? এখন কত আছে?

বিজ্ঞাপন

কত রিকশা চলছে, তার একেক রকম হিসাব পাওয়া যায়। কোনটি ঠিক, বোঝা কঠিন। অথচ রাজধানীর রাস্তায় কত ব্যাটারিচালিত রিকশা চলছে, তার একটি নির্ভরযোগ্য হিসাব সরকারের কাছে থাকা দরকার।

সরকার এখন ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন, চালকদের লাইসেন্স এবং এলাকাভিত্তিক চলাচলের নিয়মকানুন ঠিক করার কথা বলছে। উদ্যোগটি প্রয়োজনীয়। তবে নিবন্ধনের আগে সংখ্যাটা জানা দরকার। কতগুলো রিকশাকে এই ব্যবস্থার মধ্যে আনা হবে, সেটিই যদি জানা না থাকে, তাহলে কাজটি শুরু হবে কীভাবে?

এখানে শুধু যানজটের কথা ভাবলে হবে না। কোনো দুর্ঘটনায় একটি রিকশা জড়িত হলে সেটি কার, চালকই-বা কে—তা জানার ব্যবস্থা থাকতে হবে। কোনো অপরাধে রিকশা ব্যবহার হলেও যেন সহজে মালিক বা চালককে খুঁজে পাওয়া যায়। আবার যিনি রিকশা চালিয়ে সংসার চালান, তাঁরও একটি পরিচয় থাকা দরকার।

বিজ্ঞাপন

আবার এটাও মনে রাখতে হবে, ব্যাটারিচালিত রিকশার সঙ্গে বহু মানুষের রুটি-রুজি জড়িয়ে আছে। ঢাকার অনেক এলাকায় অল্প দূরত্বের যাতায়াতে মানুষ এগুলোর ওপর নির্ভর করেন। তাই সমাধানটা বন্ধ করে দেওয়ার মধ্যে নয়; বরং এমন ব্যবস্থা করা দরকার, যাতে মানুষের জীবিকাও থাকে, শহরের শৃঙ্খলা ও নিরাপত্তাও বজায় থাকে।

তাই শুরুতেই জানা দরকার, ঢাকায় আসলে কত ব্যাটারিচালিত রিকশা চলছে।

ঢাকার দুই সিটি করপোরেশন, পুলিশ, স্থানীয় ওয়ার্ড, চালক-মালিক সংগঠন ও গ্যারেজগুলোর কাছে নিশ্চয়ই কিছু তথ্য আছে। সব তথ্য হয়তো এক হবে না। কিন্তু সেগুলো এক জায়গায় এনে মিলিয়ে দেখলে একটি নির্ভরযোগ্য হিসাব পাওয়া সম্ভব। একই সঙ্গে জানা যাবে, ৫ আগস্টের আগে ঢাকায় কত ব্যাটারিচালিত রিকশা ছিল, আর এখন কত আছে। এরপর নতুন রিকশা নামার তথ্য নিয়মিত যোগ হলে হিসাবটিও আর হারিয়ে যাবে না।

বিজ্ঞাপন

এই হিসাব ধরেই নিবন্ধনের কাজ শুরু করা যেতে পারে। প্রতিটি রিকশার একটি আলাদা নম্বর থাকবে, সঙ্গে মালিক ও চালকের পরিচয় এবং কোথায় চলবে, সেই তথ্য। প্রযুক্তির এই সময়ে এমন ব্যবস্থা করা খুব কঠিন হওয়ার কথা নয়।

ব্যাটারিচালিত রিকশা নিয়ে গত কয়েক বছরে অনেক আলোচনা হয়েছে। কখনো বন্ধ করার কথা উঠেছে, কখনো প্রতিবাদে রাস্তায় নেমেছেন চালকেরা। যানজট, দুর্ঘটনা—সবই আলোচনায় এসেছে। অথচ একটি সহজ প্রশ্নের উত্তর এখনো মেলেনি—ঢাকায় আসলে কত ব্যাটারিচালিত রিকশা চলছে?

৫ আগস্টের আগে কত ছিল, এখন কত?

বিজ্ঞাপন

সরকারের কাছে হিসাব থাকলে তা প্রকাশ করা হোক। আর না থাকলে হিসাবটা এখনই করা দরকার। কারণ সংখ্যা না জেনে নিবন্ধন কিংবা নিয়ন্ত্রণ—কোনোটিই ঠিকভাবে করা সম্ভব নয়।

কোটি মানুষের বসবাসের এই শহর অনুমানে চলতে পারে না। এখানে কী চলছে, কত চলছে—সে হিসাব শুধু সংখ্যার নয়, মানুষের নিরাপত্তারও।

পারভেজ আবীর চৌধুরী

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD