Logo

১২ দিন কম ছুটি পাবে শিক্ষার্থীরা, তালিকা প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩৪
১২ দিন কম ছুটি পাবে শিক্ষার্থীরা, তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকা অনুযায়ী বিদ্যালয়ের ছুটি ৬৪ দিন, যা গত বছরের ৭৬ দিনের তুলনায় ১২ দিন কম।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষাপঞ্জি ও ছুটির দিনসমূহ ঘোষণা করা হয়।

২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটির মধ্যে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১৯ দিন ছুটি থাকবে।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন; দূর্গাপুজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন; শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন বন্ধ রাখা হবে।

এ ছাড়া অর্ধ-বার্ষিক/প্রাক-নিবর্বাচনী পরীক্ষা ২৬ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে নিয়ে ২৯ জুলাই ফল প্রকাশ করতে হবে। নির্বাচনী পরীক্ষা ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে নিয়ে ফল প্রকাশ ১৮ নভেম্বর। বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে শেষ করে ফল প্রকাশ ৩০ ডিসেম্বর। আর জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ থেকে ২০ ডিসেম্বর নিয়ে ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষার সময় ১২ কর্মদিবসের বেশি হবে না। বিদ্যালয় নিজস্বভাবে প্রশ্নপত্র প্রণয়ন করবে এবং অন্য উৎস থেকে নেওয়া প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে ছুটি দেওয়ার অনুমতি নেই। ছাত্রছাত্রীদের সম্মান প্রদর্শনের জন্য রাস্তায় দাঁড় করানোও নিষিদ্ধ। তবে ভর্তিসহ অন্যান্য কার্যক্রম ও পরীক্ষার জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে।

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD