কাল থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষাপটে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যাবশ্যক। তাই সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকর্তারা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করবেন। এই ছুটি পবিত্র ঈদুল ফিতরের জন্য পূর্বনির্ধারিত একাডেমিক ক্যালেন্ডারের তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যমান আলোর মাত্রার অর্ধেক ব্যবহার করা হবে এবং প্রয়োজনের অতিরিক্ত লাইট ব্যবহার নিষিদ্ধ করা হবে।
বিজ্ঞাপন
অফিস চলাকালীন অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস ত্যাগ করার সময় কক্ষের সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এবং গাড়ির ব্যবহার সীমিত করতে হবে। এছাড়া যাবতীয় আলোকসজ্জা পরিহার করে জ্বালানি ব্যবহার সাশ্রয়ী করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।







