প্রাইমারি ভর্তি পদ্ধতি নিয়ে প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশনে প্রাইমারি স্কুলের ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি উল্লেখ করেন, আগে ভর্তি সম্পূর্ণ মেরিটভিত্তিক হলেও বর্তমানে লটারির মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত হচ্ছে। এর ফলে ফিডার ইনস্টিটিউটগুলোতে শিক্ষার মান কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর মতো কোয়ালিটি সম্পন্ন শিক্ষার্থী পাচ্ছেন না।
বিজ্ঞাপন
এমপি জানতে চান, প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি পদ্ধতি কি পরিবর্তন করা হবে নাকি আগের মতোই চলবে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জবাবে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর জন্য বিস্তারিত আলোচনা প্রয়োজন। দেশের শিক্ষাব্যবস্থায় দুই ধরনের পদ্ধতি রয়েছে—গ্রামীণ ও শহুরে। গ্রামীণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও পর্যাপ্ত প্রতিযোগিতামূলক নয়, তাই সেখানে সমস্যা খুব বেশি নেই। কিন্তু শহরে শিক্ষার মান এবং প্রতিযোগিতার সঙ্গে যুক্ত জটিলতার কারণে লটারির ব্যবস্থা করা হয়েছিল।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন লটারির পদ্ধতি পুরোপুরি যুক্তিসঙ্গত নয়। আগামী শিক্ষা বছরের ভর্তি কিভাবে করা হবে তা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে রবিবার সকাল ১১টায় জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব এবং জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে নোটিশ নিষ্পত্তি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।








