Logo

বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ২১:৪০
বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রক্রিয়া আরও বিস্তৃত করতে নতুন করে সফটওয়্যার চুক্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বদলি সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান বদলি সফটওয়্যার আপডেট করে এর পরিধি বাড়ানো হবে এবং নতুন করে চুক্তি সম্পাদন করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধু শিক্ষক নয়, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীরাও বদলির আওতায় আসবেন। এ কারণে সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি নতুন চুক্তি করা অপরিহার্য হয়ে উঠেছে। চুক্তি ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করা নিয়মবহির্ভূত হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

আরও জানা যায়, সফটওয়্যারে নতুন ফিচার যুক্ত করতে ভেন্ডর প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করেছে। প্রাথমিকভাবে তাদের ২০ থেকে ২৫ লাখ টাকা অতিরিক্ত দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। নতুন চুক্তি সম্পন্ন হলে সফটওয়্যারটি আপডেট করে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের তথ্য অন্তর্ভুক্ত করা হবে।

সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বদলি প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত আলোচনা ইতিবাচক হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিগগিরই চুক্তির কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য সফটওয়্যারে যুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞাপন

সভাটি অনুষ্ঠিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে। এতে যুগ্মসচিব, উপসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাসহ টেলিটকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD