Logo

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে ইউনিফর্ম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ১৭:৩৪
প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে ইউনিফর্ম
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সহায়তা কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা রয়েছে, তেমনি যারা ভোট দেননি তাদের প্রতিও সরকারের দায়বদ্ধতা আছে। সবার জন্য সমানভাবে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ তুলে বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর ফলে মূল্যস্ফীতির চাপ বাড়বে না; বরং এতে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে আরও ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং আগামী চার বছরে এই সংখ্যা বাড়িয়ে ৪ কোটি পরিবারে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের তথ্যমতে, ওই দিনের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা ছিল।

এর আগে সংসদ কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রধানমন্ত্রীর জন্য সপ্তাহে একটি নির্দিষ্ট দিন নির্ধারণের প্রস্তাব ওঠে। বুধবারের অধিবেশনে এক সংসদ সদস্য এ প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবে বলা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন—বিশেষত বুধবার—প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD