শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে আজ হতে পারে সিদ্ধান্ত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনভিত্তিক পাঠদান বা ব্লেন্ডেড লার্নিং চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজই আসতে পারে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একটি প্রস্তাব তৈরি করেছে, যা আজকের মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।
বিজ্ঞাপন
প্রস্তাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো এই পরিকল্পনার বাইরে থাকলেও মহানগর এলাকার স্কুল-কলেজগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস এবং বাকি তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার একটি কাঠামো বিবেচনায় রাখা হয়েছে। অর্থাৎ, এক দিন অনলাইনে ক্লাস পরিচালিত হলে পরবর্তী দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চলবে—এভাবে পর্যায়ক্রমে ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনার জন্য উঠতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, জ্বালানি সাশ্রয়ে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার গুরুত্বেরসঙ্গে আলোচনা করছে।
তিনি জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি উপস্থাপন করা হবে এবং মন্ত্রিসভাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞাপন
দীর্ঘ ৪০ দিনের রমজান ও ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে গত রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে।
এই বাস্তবতায় জ্বালানির ব্যবহার কমানো, যাতায়াত সীমিত রাখা এবং শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে আংশিক অনলাইন ক্লাস চালুকে কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিস্থিতি অনুযায়ী এই ব্লেন্ডেড পদ্ধতি চালু করা হলে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা সহজ হবে, পাশাপাশি জ্বালানির ওপর চাপও কিছুটা কমানো সম্ভব হবে।








