সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম

চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি না করলে দেশের সকল শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছে। তারা সরকারের কাছে ১২ এপ্রিল পর্যন্ত সময়সীমা দিয়েছেন, যার মধ্যে দাবিটি বাস্তবায়ন না হলে সারাদেশে কর্মসূচি কার্যকর হবে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থীদের প্রতিনিধি শরিফুল হাসান শুভ।
এসময় তিনি বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা, সেশন জট এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাজীবন সম্পন্ন করতে পারেনি। ফলে তারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা অন্যায় ও বৈষম্যমূলক।
বিজ্ঞাপন
শরিফুল শুভ উল্লেখ করেন, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর ধরে রাজপথে আন্দোলনের মাধ্যমে আবেদন বয়সসীমা বৃদ্ধি চেয়ে আসছেন। তার বক্তব্যে বলা হয়, বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করা হয়েছে। সরকার কর্মকর্তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্থায়ীভাবে সর্বনিম্ন বয়সসীমা ৩৫ বছর এবং অস্থায়ীভাবে ৩৭ থেকে ৪০ বছরের মধ্যে বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেছেন।
তবে দাবির বাস্তবায়নে সরকারী কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় শিক্ষার্থীরা হতাশ। শরিফুল শুভ বলেন, আশ্বাস থাকা সত্ত্বেও মাঠে আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা রাজনৈতিক চাপ, মামলা ও হামলার শিকার হয়েছেন। অনেক সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন। তাই তারা এখন আর শুধুমাত্র আশ্বাসে সন্তুষ্ট নয়, বরং স্পষ্ট পদক্ষেপ চাচ্ছেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা জানিয়েছে, সরকার যদি এপ্রিলের ১২ তারিখের মধ্যে বয়সসীমা বৃদ্ধির বিষয়টি কার্যকর না করে, তবে সারাদেশে শিক্ষক ও চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন শুরু হবে। আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীরা তাদের সকল যুক্তি, সুপারিশ এবং আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে দাবি বাস্তবায়নের আহ্বান জানাবেন।
এই দাবির মূল লক্ষ্য, দীর্ঘমেয়াদি শিক্ষাজীবনের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সরকারি চাকরিতে আবেদন করার ন্যায্য অধিকার নিশ্চিত করা। এছাড়া শিক্ষার্থীরা আশা করছেন, সরকারের বাস্তব পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে এবং দেশের তরুণ প্রজন্ম সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।








