Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি মেধাতালিকা প্রকাশের তারিখ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৫:৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি মেধাতালিকা প্রকাশের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির মেধাতালিকা প্রকাশের তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৭ এপ্রিল এ তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তি কার্যক্রম শেষে ২৬ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “NU ATMF Roll” লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। একই দিন রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি বর্তমানে অন্য কোনো মাস্টার্স (নিয়মিত বা প্রাইভেট) কিংবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকেন, তবে তাকে অবশ্যই ১৫ এপ্রিলের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন প্রোগ্রামে ভর্তি হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি বাতিল না করলে দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল হিসেবে গণ্য হবে।

ভর্তি কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, ৭ থেকে ২০ এপ্রিলের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর ৮ থেকে ২১ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ১ হাজার ৬২০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিজ্ঞাপন

পরবর্তী ধাপে, ৮ থেকে ২২ এপ্রিলের মধ্যে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য যাচাই করে অনলাইনে ভর্তি নিশ্চিত করবে। পাশাপাশি ২৩ থেকে ২৯ এপ্রিলের মধ্যে নির্ধারিত সোনালী ব্যাংক অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অংশে পাওয়া যাবে। নির্ধারিত সময়সূচি মেনে কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD