অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন নাকি অফলাইন ক্লাস চলবে—এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ নয়, বরং আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
রবিবার (০৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। তাই আসন্ন মন্ত্রিসভার বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণে সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছে। শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকেই পৃথকভাবে জানানো হবে। কারণ, এই বিষয়ে আরও কিছু দিক নিয়ে আলোচনা ও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয় ধাপে ধাপে নির্দেশনা দিতে শুরু করবে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, সেটি বিবেচনায় রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অনলাইন ক্লাস চালু বা অফলাইন কার্যক্রম অব্যাহত রাখা—এ দুই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
সূত্রটি আরও জানায়, সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শেষ হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে এবং তা সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।








