Logo

শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা দেবে সরকার, পাবেন যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৫:৪৭
শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা দেবে সরকার, পাবেন যারা
ছবি: সংগৃহীত

২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার। এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১২ এপ্রিল থেকে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে (https://www.eservice.pmeat.gov.bd/admission) আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

আবেদনের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। পূর্ববর্তী শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ পদ্ধতিতে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে।

বিশেষ অগ্রাধিকার পাবে এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের সন্তানরা। এসব ক্ষেত্রে প্রমাণপত্র অনলাইনে জমা দিতে হবে।

আবেদনের সময় শিক্ষার্থীদের স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে প্রাপ্ত দরিদ্রতার সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র এবং একটি সক্রিয় অনলাইন ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পুরো প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়ার পর একটি যাচাই-বাছাই কমিটি আবেদনগুলো মূল্যায়ন করবে। পরে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো হবে।

সহায়তা সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬ হেল্পলাইন নম্বরে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD