এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ বিধান বাতিল

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। পরীক্ষার্থীদের বহিষ্কারের ক্ষেত্রে আলোচিত ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার সংক্রান্ত অনুচ্ছেদ ২৯ বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের অনুচ্ছেদ ২৯ অনুযায়ী কোনো পরীক্ষার্থীকে প্রকাশ্যে বহিষ্কার করলে আইনশৃঙ্খলার অবনতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে ‘নীরব বহিষ্কার’ করা যেত।
বিজ্ঞাপন
এছাড়া ওই বিধান অনুযায়ী পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শককে বিস্তারিত বিবরণসহ একটি গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করতে হতো এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদা প্যাকেটে করে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হতো। একই সঙ্গে উত্তরপত্রের ওএমআর শিটের প্রথম অংশ আলাদা না করার নির্দেশনাও ছিল।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই পুরো অনুচ্ছেদটি বাতিল করা হয়েছে। ফলে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত কোনো বিধান আর কার্যকর থাকবে না।
বিজ্ঞাপন
চেয়ারম্যানের আদেশক্রমে এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।








