Logo

সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু, বাইরে অপেক্ষায় অভিভাবক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১০:৫০
সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু, বাইরে অপেক্ষায় অভিভাবক
ছবি: সংগৃহীত

সারা দেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিতে ভোর থেকেই শিক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে আসেন তাদের অভিভাবকরা। অনেক পরীক্ষার্থীকে কিছুটা উদ্বিগ্ন দেখা গেলেও, তাদের তুলনায় অভিভাবকদের মধ্যেই বেশি উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে।

পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। প্রবেশপথে অধিকাংশ কেন্দ্রেই শিক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত কোনো কাগজপত্র বা নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আছে কি না, তা তল্লাশি করা হয়েছে। এদিন এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এসএসসি ও সমমানের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। নকল প্রতিরোধ, ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টা থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি বাড়তে থাকে। আজকের আবহাওয়া তুলনামূলক সহনীয় থাকায় তীব্র গরমের চাপ কম ছিল, এতে কিছুটা স্বস্তি পেয়েছেন পরীক্ষার্থী ও তাদের স্বজনরা। তবে অনেকেই জানিয়েছেন, যানজট পেরিয়ে কেন্দ্রে পৌঁছাতে তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিল পর্যায়ে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে তিন লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

এবার নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। অন্যদিকে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা চার লাখের বেশি। এদের মধ্যে প্রায় ২ লাখ ৬১ হাজার শিক্ষার্থী এক বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য পুনরায় পরীক্ষায় অংশ নিচ্ছে। বাকিরা দুই, তিন, চার বা সব বিষয়ে পরীক্ষা দিচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে বোর্ড নির্ধারিত নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি বলেন, ভিজিল্যান্স টিমসহ সংশ্লিষ্ট সবাই মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অসদুপায় গ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD