Logo

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ ১০টার মধ্যেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ২১:২৫
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ ১০টার মধ্যেই
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ফলাফল আজ রাতের মধ্যেই প্রকাশ করা হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রস্তুত ও ওয়েবসাইটে প্রকাশের শেষ পর্যায়ের কাজ চলছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইটি টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশের বিষয়ে তারা আশাবাদী।

জানা গেছে, দেশের বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১১ হাজারের বেশি পদে নিয়োগের উদ্দেশ্যে নেওয়া এ পরীক্ষায় বিপুলসংখ্যক প্রার্থী অংশ নেন।

বিজ্ঞাপন

এর আগে, গত শনিবার রাজধানীর নয়টি কেন্দ্রে চারটি শিফটে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণের জন্য ৫৩ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন, যা প্রতিযোগিতার তীব্রতা স্পষ্ট করে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করা হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।

বিজ্ঞাপন

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন পর এত বড় পরিসরে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় শিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এখন প্রার্থীদের অপেক্ষা শুধু ফল ঘোষণার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD