Logo

মৌলভীবাজারে মোমবাতি ও চার্জ লাইটে এসএসসি পরীক্ষা

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৯ এপ্রিল, ২০২৬, ১২:৩১
মৌলভীবাজারে মোমবাতি ও চার্জ লাইটে এসএসসি পরীক্ষা
ছবি: প্রতিনিধি

আকস্মিক কালবৈশাখী ঝড় ও প্রবল বর্ষণে মৌলভীবাজার জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের মূল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শহরের অন্যতম প্রধান পরীক্ষা কেন্দ্র কাশিনাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মোমবাতি ও চার্জার লাইটের মৃদু আলোয় পরীক্ষা দিতে দেখা গেছে। আবছা আলোয় উত্তরপত্র লিখতে গিয়ে ভোগান্তিতে পড়েন তারা।

সরেজমিনে দেখা যায়, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় প্রাকৃতিক আলোও ছিল অপ্রতুল। তার ওপর বিদ্যুৎ না থাকায় ফ্যান বন্ধ হয়ে কক্ষগুলোতে গুমোট পরিবেশ সৃষ্টি হয়, যা পরীক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে ওঠে। অনেকেই ঘাম ও অন্ধকারের মধ্যে প্রশ্নপত্র পড়তে হিমশিম খেয়েছেন।

বিজ্ঞাপন

একাধিক পরীক্ষার্থী জানান, পরীক্ষা শুরুর সময় থেকেই কেন্দ্রে বিদ্যুৎ ছিল না। পর্যাপ্ত আলো না থাকায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যা তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অভিভাবক আবুল কালাম সরকার বলেন, “পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকা কর্তৃপক্ষের গাফিলতি।” তিনি আরও জানান, ঝড়-বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতেও ভোগান্তির শিকার হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD