স্কুল ফিডিং কেলেঙ্কারি : কাঁচা কলা বিতরণে শিক্ষিকা বরখাস্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম এবং নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে ফরিদপুর সদর উপজেলার ৯৩ নম্বর শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষিকার নাম গোলাপী বেগম।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ এপ্রিল সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করেন ওই শিক্ষিকা। পরদিন সেই কলা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি সরকারি প্রাথমিক শিক্ষার ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়।
বিজ্ঞাপন
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে ২৮ এপ্রিল থেকে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, স্কুল ফিডিং কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে এমন অনিয়ম শুধু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায় না, বরং পুরো ব্যবস্থার প্রতি আস্থাও নষ্ট করে। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।







