Logo

জলাবদ্ধতায় ভাসছে পরীক্ষা কক্ষ, তবুও কলম থামেনি শিক্ষার্থীদের

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৩০ এপ্রিল, ২০২৬, ১৭:৫৫
জলাবদ্ধতায় ভাসছে পরীক্ষা কক্ষ, তবুও কলম থামেনি শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তির মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে। শ্রেণিকক্ষের মেঝেতে পানি জমে থাকায় অনেক শিক্ষার্থীকে পানিতে পা ডুবিয়েই পরীক্ষা দিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় অবস্থিত কলেজটির ডিগ্রি ও অনার্স শাখা ক্যাম্পাসে এমন চিত্র দেখা যায়। কয়েকদিনের টানা ঝড়-বৃষ্টির কারণে পুরো নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ।

শিক্ষার্থীরা জানান, অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান রয়েছে। তবে মঙ্গলবার ও বুধবারের বৃষ্টিতে ক্যাম্পাসে পানি জমে যাওয়ায় পরীক্ষা দিতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কলাভবন ও বিজ্ঞান ভবনের নিচতলার কক্ষগুলোতে পানি জমে থাকায় বাধ্য হয়ে পানির মধ্যেই পরীক্ষা দিতে হয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, শুধু শ্রেণিকক্ষ নয়, কলেজের একাধিক ভবনের নিচতলাও পানিতে তলিয়ে গেছে। ব্যবসায় শিক্ষা ভবন, কলাভবন, মিলেনিয়াম ভবন এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলায় পানি জমে রয়েছে। দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় বাইরের পানি সহজেই ক্যাম্পাসে ঢুকে পড়ছে।

এর আগে নগরীর কান্দিরপাড় রামমালা এলাকার একটি স্কুলে জলাবদ্ধতার মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের বেঞ্চে পা তুলে পরীক্ষা দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও, ভিক্টোরিয়া কলেজে একই ধরনের পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে।

অভিভাবকদের অভিযোগ, প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যায় ভুগছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা জানান, আশপাশের এলাকা উঁচু হওয়ায় বৃষ্টির পানি ক্যাম্পাসে জমে থাকে। পাশাপাশি দক্ষিণ পাশে সীমানা প্রাচীর না থাকায় বাইরের পানি সহজেই ঢুকে পড়ে। পুরনো অবকাঠামোর কারণে সমস্যাটি আরও প্রকট হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান থাকায় বেশিরভাগ ভবনেই পরীক্ষা নিতে হয়েছে, যদিও ব্যবসায় শিক্ষা ভবনে পরীক্ষা স্থগিত রাখা হয়। জলাবদ্ধতা নিরসনে একটি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত কাজ শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD