Logo

সড়কের পাশে মিলল এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
৩০ এপ্রিল, ২০২৬, ১৯:০৮
সড়কের পাশে মিলল এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করলেও পরে সেগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান। এর আগে রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন সড়কের পাশে তিনটি বান্ডেল পড়ে থাকতে দেখেন স্থানীয় এক যুবক।

স্থানীয় যুবক রাহিম জানান, বাড়ি ফেরার পথে তিনি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় বান্ডেলগুলো দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি সেগুলো বাড়িতে নিয়ে যান। পরে প্রতিবেশীর সহায়তায় নিশ্চিত হন, এগুলো এসএসসি পরীক্ষার খাতা। এরপর তিনি দেরি না করে খাতাগুলো থানায় জমা দেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, উদ্ধার হওয়া খাতাগুলো পাওয়ার পরপরই বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করা হয়। পরে সেগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া তিনটি প্যাকেটে এসএসসি (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি উত্তরপত্র ছিল বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাতাগুলো অক্ষত অবস্থায় ছিল এবং সেগুলোর কোনো ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, খাতাগুলো এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে নেওয়ার সময় ডাকবাহকের গাড়ি থেকে অসাবধানতাবশত সড়কে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তা উদ্ধার হওয়ায় বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD