সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শিগগিরই নিয়োগ পাবে: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে শিগগিরই শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: সড়কের পাশে মিলল এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা থাকলেও সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেছে। সব দিক বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অচিরেই নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, নিয়োগ পরীক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা খতিয়ে দেখা হয়েছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করতে এবং বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর করতে দ্রুত এই নিয়োগ সম্পন্ন করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী, আকর্ষণীয় ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং ঝরে পড়া কমাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব, স্থানীয় শিক্ষা কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।








