ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা হবে। একই সঙ্গে ১০ বছরের নিচের সব ধরনের শিক্ষাব্যবস্থাকে অভিন্ন মান ও কাঠামোর মধ্যে আনার কাজও চলমান রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীতে অনুষ্ঠিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক নাগরিক সংলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সিপিডির নাগরিক প্ল্যাটফর্ম এ সংলাপের আয়োজন করে।
ববি হাজ্জাজ বলেন, বর্তমানে সরকার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ করছে। তার ভাষায়, গত কয়েক বছরে শিক্ষাখাতকে অনেকটাই দুর্বল করে ফেলা হয়েছে। ফলে এখন নানা জায়গায় সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে একসঙ্গে বড় বড় নতুন উদ্যোগ নেওয়ার পরিবর্তে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানে মনোযোগ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকার চায় ১০ বছরের নিচের শিশুদের জন্য থাকা সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে একই মানদণ্ড ও কারিকুলামের আওতায় আনতে। সে লক্ষ্যেই ইবতেদায়ি মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাব্যবস্থাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, এই উদ্যোগ বাস্তবায়নে সময় লাগলেও ভবিষ্যতে এটি কার্যকর করা হবে। এর মাধ্যমে শিশুদের জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছে সরকার।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, এখন থেকে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠানো হবে না। শিক্ষার মান উন্নয়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, বর্তমানে প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন না করায় শ্রেণিকক্ষে যোগ দিতে পারেননি। এ সিদ্ধান্তের কারণে আন্দোলন ও প্রতিবাদের মুখেও পড়তে হয়েছে তাকে। তবে সরকার এই অবস্থান থেকে সরে আসবে না বলে স্পষ্ট জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণ শেষ করার পর আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই এসব শিক্ষককে বিদ্যালয়ে পাঠানো হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ শিক্ষক তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।








