দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জারি

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। নির্দেশনায় স্বাক্ষর করেন উপসচিব রাজীব কুমার সরকার।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিচ্ছন্নতা রক্ষায় নানা ধরনের অব্যবস্থাপনা ও অনিয়ম লক্ষ্য করেছেন। এসব কারণে বিদ্যালয়গুলো সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা পরিবেশও ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যালয়ের ভবন ও প্রাঙ্গণের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিদ্যালয় চত্বর সবসময় পরিষ্কার রাখা, আবর্জনা অপসারণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি ভবনের কার্নিশ বা দেয়ালের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া আগাছা ও ঝোপঝাড় অপসারণেও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবনের সৌন্দর্য ও স্থায়িত্ব বজায় থাকে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় মনে করছে, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বিদ্যালয় পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পাঠদানে ইতিবাচক প্রভাব এবং অভিভাবকদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








