ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা ডিসি ফরিদার

ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি জোরদার করতে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, এডিস মশার প্রজননস্থল নির্মূল করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য একটি মনিটরিং কমিটি হিসেবে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। এই কমিটি নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থান পরিদর্শন করবে এবং কোথাও যেন এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি না হয়, তা নিশ্চিত করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদেশে আরও বলা হয়েছে, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ভবন, বারান্দা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, খোলা জায়গা এবং যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার ও পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
শুধু প্রতিষ্ঠান পরিষ্কার রাখাই নয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণা চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উৎসাহমূলক উদ্যোগ এবং পুরস্কার প্রদানের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ‘ক্লিন স্কুল টিম’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। কমিটিতে একজন শিক্ষক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক অথবা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং দুইজন শিক্ষার্থী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা জারির পর পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কমিটি গঠন করে কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারলে তারা শুধু বিদ্যালয় নয়, নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ, ছাদ, বারান্দা, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং যেখানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরীক্ষা ও পরিষ্কার রাখতে হবে। কোনোভাবেই এডিস মশার বংশবিস্তার করার সুযোগ রাখা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসকের ভাষ্য, ডেঙ্গু মোকাবিলা কেবল স্বাস্থ্য বিভাগের একক দায়িত্ব নয়; এটি একটি সামাজিক দায়িত্বও বটে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। তার মতে, ‘ক্লিন স্কুল টিম’ শুধু একটি কমিটি নয়, বরং দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ।








