বৈরী আবহাওয়ার দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ২০ হাজার শিক্ষার্থী

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও দেশের ৫৯ জেলায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিকূল আবহাওয়ার কারণে কোথাও কোমরসমান পানি পেরিয়ে, আবার কোথাও নৌকা কিংবা ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। তবে এসব দুর্ভোগের মধ্যেই সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ১৯ হাজার ৫৯২ পরীক্ষার্থী।
বিজ্ঞাপন
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও হিসাববিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ৯৩ জন। এর মধ্যে ৬৯ হাজার ৯২৩ জন পরীক্ষায় অংশ নেন এবং অনুপস্থিত থাকেন ৫ হাজার ১৭০ জন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে নিবন্ধিত ৮৬ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৩ হাজার ৪৫০ জন। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন।
এদিন আটটি সাধারণ শিক্ষা বোর্ডে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রাজশাহী ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সর্বোচ্চ চারজন করে বহিষ্কৃত হন। ঢাকা ও সিলেট বোর্ডে দুজন করে এবং দিনাজপুর, বরিশাল ও যশোর বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। কুমিল্লা বোর্ডে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় আটজন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাঁচজন পরীক্ষার্থী অসদুপায়ের দায়ে বহিষ্কৃত হয়েছেন।








