Logo

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ১৮:০০
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগবে। এরপর সরকারের নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকার যেদিন তারিখ নির্ধারণ করবে, সেদিনই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে ট্যাবুলেশন, তথ্য যাচাই-বাছাই এবং অন্যান্য কারিগরি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এসব কাজ সম্পন্ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

এর আগে ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

গত ১৮ জুলাই অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতিও শুরু করেছিল। কিন্তু প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ প্রত্যাশিত গতিতে এগোয়নি। ফলে ফল প্রকাশ কয়েক দিন পিছিয়ে যায়।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

বিজ্ঞাপন

পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সরকারের অনুমোদন সাপেক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD