Logo

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৬, ১৭:৩২
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ফাইল ছবি

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এতে অনুমোদন দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ‘১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে এপ্রিলে শেষ হবে।’

চূড়ান্ত সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা প্রথম পত্র, ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক গণিতের পরীক্ষা হবে ২৫ মার্চ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এরপর ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ; ৮ এপ্রিল হিসাববিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতির পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় অংশ শেষ হবে।

বিজ্ঞাপন

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সংগীত বিষয়ের পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তাদের নিজ খরচে প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও শনাক্তকারী শিক্ষক সঙ্গে আনতে হবে। ব্যবহারিক পরীক্ষায় মূল উত্তরপত্রের পরিবর্তে পৃথক ব্যবহারিক খাতা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ

বিজ্ঞাপন

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে। এমসিকিউ ও সৃজনশীল বা রচনামূলক পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এ ছাড়া তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে পরীক্ষার্থীদের পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ

বিজ্ঞাপন

পরীক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না। তবে বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।

ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইট ও সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জানুয়ারির সিদ্ধান্ত বদলে মার্চে পরীক্ষা

বিজ্ঞাপন

এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ১৪ মে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বছরের শুরুতেই পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছিলেন।

তবে জানুয়ারিতে পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। পরে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রয়োজনে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

এরপর শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের পাশাপাশি পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি বিবেচনায় নিয়ে পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে মার্চের দ্বিতীয় সপ্তাহে ঈদুল ফিতর হওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের আশঙ্কা ছিল, জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে প্রায় ২০ লাখ পরীক্ষার্থী প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে না। কারণ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে তারা আগের সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়লেও নবম ও দশম শ্রেণিতে ২০১০ সালে পরিমার্জিত শিক্ষাক্রম অনুসরণ করেছে। নবম শ্রেণির বই পেতেও দেরি হওয়ায় পাঠ্যক্রম শেষ করে পরীক্ষার প্রস্তুতির জন্য বাড়তি সময় প্রয়োজন বলে তারা মনে করেন।

বিজ্ঞাপন

ধীরে ধীরে আগের পরীক্ষার সূচিতে ফিরছে শিক্ষা ব্যবস্থা

একসময় ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হতো। করোনাভাইরাস মহামারি এবং পরবর্তী গণঅভ্যুত্থানের কারণে শিক্ষাপঞ্জিতে বড় পরিবর্তন আসায় পরীক্ষার সময়সূচিও পিছিয়ে যায়।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুলাইয়ে শুরু হয়েছে। আগামী বছর এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে পরীক্ষার সময়সূচিকে আগের ধারায় ফিরিয়ে আনার উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD