Logo

ভালো শিক্ষক পেলেই ভালো শিক্ষা নিশ্চিত হবে: জোনায়েদ সাকি

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫৭
ভালো শিক্ষক পেলেই ভালো শিক্ষা নিশ্চিত হবে: জোনায়েদ সাকি
ছবি প্রতিনিধি।

ভালো শিক্ষক পেলেই ভালো শিক্ষা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও ফলদ গাছের চারা উপহার দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ১৩৯টি পানির ফিল্টার বিতরণ করা হয়। এছাড়া ২৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার শিক্ষকদের মর্যাদা ও পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে। ভালো শিক্ষক নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে।

তিনি বলেন, প্রতিটি শিশুকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানসম্মত শিক্ষা দিতে পারলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষার কোনো বিকল্প নেই। কাউকে যাতে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকতে না হয়, সে লক্ষ্যেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাকি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। দেশের কোনো শিশু যাতে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে না থাকে, সেভাবেই সরকার কাজ করছে।

তিনি বলেন, শিক্ষকের মর্যাদা নিশ্চিত না হলে তিনি সঠিকভাবে শিক্ষা দিতে পারেন না। এজন্য শিক্ষকদের পারিশ্রমিক ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ভালো শিক্ষক পেলে ভালো শিক্ষা পাওয়া সম্ভব।

বিজ্ঞাপন

বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD