Logo

এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি, সম্ভাব্য তারিখ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১
এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি, সম্ভাব্য তারিখ ঘোষণা
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফল তৈরির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা অন্য বোর্ডগুলোর তুলনায় কিছুটা দেরিতে শেষ হয়েছে। তবে ফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে সম্ভাব্য নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা ছিল।

বিজ্ঞাপন

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার পর ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর দ্রুত ফল প্রস্তুতের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

অংশ নিয়েছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের পরীক্ষা নেওয়া হয় সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে।

বিজ্ঞাপন

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। তারা ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেন ৯২ হাজার ৯০৫ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে অংশ নেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী।

ঢাকা বোর্ডে পরীক্ষার্থী সবচেয়ে বেশি

বিজ্ঞাপন

বোর্ডভিত্তিক হিসাবে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড থেকে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩৯৩ জন। তারা ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী অংশ নেন।

এ ছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হতে দেরি হলেও অতিরিক্ত পরীক্ষক নিয়োগসহ দ্রুত ফল প্রস্তুতের উদ্যোগ নেওয়ায় নভেম্বরের প্রথমার্ধেই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD