Logo

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পেছাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২১
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পেছাল
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের সাধারণ ছুটি থাকায় একাদশ শ্রেণির ক্লাস শুরুর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ সম্পর্কে অবহিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলও প্রকাশ করা হয়েছে। কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে আবেদন করেও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আসন পায়নি ১৪ হাজার ৪১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়—২ হাজার ২০৫ জন।

বুধবার রাতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তী সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষা সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সারা দেশে কলেজ ও মাদরাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। এর বিপরীতে এবার নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় বিপুলসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।

ফলে ২৪ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আসন ফাঁকা থাকতে পারে। ভর্তির পরবর্তী ধাপ ও সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে এসব আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD