শুধু ডিগ্রি নয়, উদ্ভাবনের কেন্দ্র হতে হবে বিশ্ববিদ্যালয়: ইউজিসি সদস্য

বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ইউজিসি-একাডেমিয়া কোলাবোরেশন: বর্তমান সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প খাতের প্রয়োজনের সঙ্গে যুক্ত করা গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি সেগুলোর বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে যৌথ গবেষণা, শিল্প খাতের অর্থায়নে গবেষণা, যৌথ গবেষণাগার এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
তিনি বলেন, শিল্প খাতের চাহিদা ও পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পাঠ্যক্রম ও গবেষণার সমন্বয় জরুরি। শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রম চালু এবং শিল্পের প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যকর ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ইউজিসির এই সদস্য বলেন, শুধু চাকরি খোঁজার চিন্তায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সমস্যা সমাধান, নতুন পণ্য ও সেবা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে ভাবতে উৎসাহিত করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। সেমিনারে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়ানো, গবেষণাকে বাস্তব প্রয়োগে নিয়ে যাওয়া এবং উচ্চশিক্ষার সঙ্গে কর্মবাজারের সংযোগ জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।








