Logo

বেসরকারি মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ, সভাপতি মনোনয়নে নতুন নিয়ম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২৬
বেসরকারি মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ, সভাপতি মনোনয়নে নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ জন্য দ্রুত অনুমোদন নিয়ে অ্যাডহক কমিটি গঠন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর আওতায় বিদ্যমান কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠন করতে হবে। এ লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে তা গঠন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বোর্ডের আওতাধীন সব দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি এবং পরিচালনা কমিটির সদস্যদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গত ২ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে নতুন বিধানের আওতায় মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত প্রবিধান অনুযায়ী, সভাপতি মনোনয়নের জন্য তিনজনের একটি তালিকা প্রস্তাব করতে হবে।

বিজ্ঞাপন

নতুন বিধানে বলা হয়েছে, মাদ্রাসাপ্রধান স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাব করবেন। অন্যান্য সদস্যের মনোনয়নসহ ওই তালিকা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিটি করপোরেশন এলাকায় অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসাপ্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে সভাপতির জন্য প্রস্তাব পাঠাবেন।

বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD