প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে বইপড়া কর্মসূচি

দেশের প্রাথমিক শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
বিজ্ঞাপন
এ কর্মসূচি বাস্তবায়নে নির্বাচিত বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ২৮ সেপ্টেম্বর অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়। চিঠিটি দেশের সব উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরি করার লক্ষ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র এ পাইলট কর্মসূচি পরিচালনা করছে। কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলা থেকে নির্দিষ্টসংখ্যক বিদ্যালয় নির্বাচন করে মোট ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এর আওতায় নেওয়া হয়েছে।
নির্বাচিত বিদ্যালয়গুলোতে বইপড়া কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
পাইলট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।








