Logo

পুরুষরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে যুদ্ধ থাকত না: রানি মুখার্জি

profile picture
বিনোদন ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৩:৩৮
পুরুষরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে যুদ্ধ থাকত না: রানি মুখার্জি
ছবি: সংগৃহীত

বলিউডে ‘আট ঘণ্টা কাজ’-এর দাবিকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রানি মুখার্জি।

বিজ্ঞাপন

সম্প্রতি দীপিকা পাড়ুকোনের ‘কল্কি’ সিকুয়েল থেকে সরে দাঁড়ানোর খবর যখন আলোচনায়, তখনই রানি কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে মুখ খুলে আলোচনায় আসেন।

রানি জানান, মা হওয়ার পরও তিনি কাজের প্রতি সমানভাবে মনোযোগী ছিলেন। মেয়ে আদিরার জন্মের পর যখন তিনি হিচকি ছবির শুটিং করছিলেন, তখন আদিরার বয়স মাত্র ১৪ মাস। সে সময় তিনি কঠোর রুটিন মেনে চলতেন। সকালে দুধ পাম্প করে শুটিংয়ে যেতেন এবং পরিচালক ও ইউনিটের সহায়তায় ৬–৭ ঘণ্টার মধ্যেই কাজ শেষ করতেন। এতে দুপুরের মধ্যে বাড়ি ফিরতে পারতেন, ট্রাফিক এড়িয়েই মেয়ের কাছে ফিরে যেতেন।

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভাষ্য, “এখন বিষয়গুলো নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করছে বলে মনে হচ্ছে এগুলো নতুন কিছু। কিন্তু বাস্তবে সব পেশাতেই এটা ঘটে। আমি নিজেও করেছি, নির্দিষ্ট সময় ধরে কাজ করেছি। প্রযোজক রাজি থাকলে ছবি করা যায়, না থাকলে নয়। এখানে কাউকে জোর করা হচ্ছে না।”

মাতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে রানি বলেন, “যদি পুরুষদের সন্তান জন্ম দিতে হতো, তবে পৃথিবীতে কোনো যুদ্ধ থাকত না। কারণ সন্তান জন্ম দেওয়া মানেই শারীরিক ও মানসিক এক অসাধারণ পরিবর্তনের অভিজ্ঞতা। পুরুষদের হাতে এখন অনেক সময়, তাই তারা যুদ্ধ করছে। কিন্তু যদি সন্তান জন্ম তাদেরই দিতে হতো, তবে তারা হয়তো শুধু শিশুকেই নিয়ে ব্যস্ত থাকত।”

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, “আমি মনে করি, পুরুষরা এই অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত। সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি আসার অনুভূতি। কারণ আমরা একটি নতুন জীবন সৃষ্টি করি।”

রানি স্পষ্ট করে বলেন, “মাতৃত্ব একজন নারীর জীবনে এক অনন্য পরিবর্তন আনে। মা হওয়ার সময় শারীরিক ও মানসিকভাবে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, পুরুষদের সে সুযোগ নেই। আমি নারী হয়ে গর্বিত, আর এটা আমি কোনো কিছুর বিনিময়েই বদলাব না।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD