Logo

প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকাকে সঙ্গে নিয়ে হৃতিকের জন্মদিন উদযাপন

profile picture
বিনোদন ডেস্ক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৮:৫৭
প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকাকে সঙ্গে নিয়ে হৃতিকের জন্মদিন উদযাপন
ছবি: সংগৃহীত

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ। তবে এবারের জন্মদিনে ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ব্যক্তিগত জীবনের অতীত ও বর্তমানকে এক সুতোয় গেঁথে, নিজের ৫২তম জন্মদিন উদযাপন করলেন প্রাক্তন স্ত্রী সুজান খান এবং বর্তমান প্রেমিকা সাবা আজাদকে একসঙ্গে নিয়েই।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) মাঝসমুদ্রে একটি বিলাসবহুল ইয়টে ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সেই আনন্দঘন মুহূর্তের ছবি ভাগ করে নেন হৃতিক।

ছবিতে দেখা যায়, প্রেমিকা সাবা আজাদের সঙ্গে হাসিমুখে সময় কাটাচ্ছেন হৃতিক। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাঁদের দুই সন্তান হ্রেহান ও হৃদান। শুধু তাই নয়, সুজানের বর্তমান প্রেমিক অভিনেতা আরসলান গনিও এই উদযাপনে অংশ নেন, যা পুরো আয়োজনকে আরও পরিণত ও সৌহার্দ্যপূর্ণ রূপ দেয়।

বিজ্ঞাপন

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আয়োজিত এই ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা জায়েদ খান, কুণাল কাপুর, সোনালি বেন্দ্রে এবং প্রযোজক গোল্ডি বেহলসহ আরও অনেকে। কেক কাটার সময় ‘হ্যাপি বার্থডে’ গানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

প্রাক্তন স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুজান খান। হৃতিকের পোস্টে মন্তব্য করে তিনি লেখেন, “তোমার জন্য সবচেয়ে সুন্দর ও আশীর্বাদপুষ্ট একটি বছর কামনা করি। ভালোবাসা আর হাসিতে ভরে থাকুক তোমার চারপাশ।”

বিজ্ঞাপন

প্রেমিকা সাবা আজাদও আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন। হৃতিকের সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তিনি লেখেন, “তোমাকে হাসিখুশি দেখতে পাওয়ার চেয়ে বেশি আনন্দ আর কিছু নেই। শুভ জন্মদিন, আমার ভালোবাসা।”

উল্লেখ্য, ২০০০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃতিক ও সুজান। ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৩ সালে আলাদা হওয়ার ঘোষণা দেন তাঁরা এবং ২০১৪ সালে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। তবে সম্পর্কের ইতি টানলেও সন্তানদের লালন-পালন ও পারিবারিক দায়িত্বে তারা বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD