Logo

জামায়াত আমিরের পোস্ট ঘিরে শাওনের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১৯
জামায়াত আমিরের পোস্ট ঘিরে শাওনের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সরব উপস্থিতির জন্য পরিচিত অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। তিনি আবারও আলোচনায় এসেছেন একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মত প্রকাশে তিনি প্রায়ই সরাসরি বা ব্যঙ্গাত্মক ভঙ্গি ব্যবহার করেন।

বিজ্ঞাপন

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে— এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পরে তিনি দাবি করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

এই ঘটনাকে কেন্দ্র করেই শাওন নিজের ফেসবুক হ্যান্ডেলে সংশ্লিষ্ট পোস্টটি শেয়ার করেন। সঙ্গে যুক্ত করেন একটি ব্যঙ্গাত্মক মন্তব্য। শাওন লেখেন, কয়েক বছর আগে তার এক পরিচিত ভাবি সামাজিকমাধ্যমে ব্যক্তিগত কিছু ছবি ফাঁস হওয়ার পর সেগুলো মুছে দিয়ে দাবি করেছিলেন যে তার আইডি হ্যাক হয়েছিল। সেই ঘটনার উল্লেখ করে শাওন লেখেন, “আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।”

বিজ্ঞাপন

শাওনের এই মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে। কেউ তার বক্তব্যকে ব্যঙ্গের মাধ্যমে প্রতিবাদ হিসেবে দেখছেন। আবার কেউ মনে করছেন, সংবেদনশীল একটি বিষয় নিয়ে এমন মন্তব্য বিতর্ক আরও বাড়াতে পারে।

উল্লেখ্য, শাওন অতীতেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করেছেন। কখনো সরাসরি, কখনো রসাত্মক বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মত তুলে ধরাই তার পরিচিত ধারা। সাম্প্রতিক পোস্টটিকেও সেই ধারাবাহিকতার অংশ বলেই মনে করছেন অনেকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD