কর ফাঁকির মামলা: বড় ধাক্কা খেল থালাপতি বিজয়

দক্ষিণ ভারতের সুপারস্টার ও রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়ের সময়টা যেন ভালো যাচ্ছে না। ‘জননয়গণ’ সিনেমার ওপর স্থগিতাদেশের রেশ কাটতে না কাটতেই এবার আয়কর সংক্রান্ত মামলায় বড় ধাক্কা খেলেন এই জনপ্রিয় অভিনেতা। কর ফাঁকির অভিযোগে তার ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ টাকার জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির একক বেঞ্চ অভিনেতা বিজয়ের করা রিট পিটিশন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৫–১৬ অর্থবছরে আয় গোপনের অভিযোগে আয়কর দপ্তর যে জরিমানা আরোপ করেছিল, তা আইন মেনেই করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বরে অভিনেতা বিজয়ের বাসভবনে তল্লাশি চালায় আয়কর বিভাগ। সে সময় তদন্তকারীরা দাবি করেন, বিজয় প্রায় ১৫ কোটি টাকার আয়ের তথ্য গোপন করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে ওই গোপন আয়ের বিপরীতে ১ কোটি ৫০ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।
বিজ্ঞাপন
এই জরিমানার বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয়। অভিনেতার আইনজীবীদের দাবি ছিল, নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর এই জরিমানা করা হয়েছে।
তবে বিজয়ের সেই দাবি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা মেনেই সঠিক সময়ে নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল। ফলে এখন আয়কর দপ্তরের পক্ষ থেকে এই অর্থ আদায়ে আর কোনো বাধা রইল না।
বিজ্ঞাপন
তবে হাইকোর্টে আবেদন খারিজ হলেও বিজয়ের জন্য একটি আইনি পথ খোলা রয়েছে। তিনি চাইলে ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।








