গুরুতর অসুস্থ, আইসিইউতে সেলিম খান

বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার এবং সুপারস্টার সালমান খান-এর বাবা সেলিম খান-এর শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল-এর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ৯০ বছর বয়সী এই প্রবীণ ব্যক্তিত্বের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
হাসপাতাল ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন হেমোরেজ) হয়েছে, যার ফলে শারীরিক জটিলতা বেড়ে গেছে। বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন এবং পরিস্থিতি অনুকূলে থাকলে বুধবার তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হতে পারে।
মঙ্গলবার বাবার অসুস্থতার খবর পেয়ে শুটিং ও অন্যান্য ব্যস্ততা ফেলে হাসপাতালে ছুটে যান সালমান খান। পরিবারের অন্য সদস্য আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রী-ও হাসপাতালে অবস্থান করছেন। রাতে প্রবীণ এই চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে যান বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত এবং সেলিম খানের দীর্ঘদিনের কাজের সঙ্গী জাভেদ আখতার।
বিজ্ঞাপন
যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে পারিবারিক একটি সূত্র জানিয়েছে যে চিকিৎসকেরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। প্রয়োজনীয় সব পরীক্ষার পর আজ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করছেন তার স্বজনেরা।
এদিকে সেলিম খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সহকর্মীদের উদ্বেগের ছায়া নেমে এসেছে। বলিউডের বহু তারকা তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, হিন্দি সিনেমার ইতিহাসে সেলিম খান এক উজ্জ্বল নাম। বিশেষ করে জাভেদ আখতারের সঙ্গে তার ‘সেলিম-জাভেদ’ জুটি বলিউডে নতুন ধারা সৃষ্টি করে। তাদের কলম থেকেই বেরিয়ে এসেছে কালজয়ী চলচ্চিত্র যেমন—জঞ্জির, দিওয়ার ও ডন। এছাড়া এককভাবে ‘নাম’, ‘কব্জা’ ও ‘জুর্ম’-এর মতো চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেও তিনি প্রশংসিত হয়েছেন।








