জেল থেকে বের হয়ে মিমির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা যুবকের

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী–এর বিরুদ্ধে আইনি পাল্টা ব্যবস্থা নিয়েছেন বনগাঁর অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রী। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি শুধু মানহানির মামলা নয়, সরাসরি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি পশ্চিমবঙ্গ–এর বনগাঁয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্তার অভিযোগ তোলেন মিমি। এ ঘটনায় আয়োজক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে গত মাসে তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১৪ দিন জেলহাজতে থাকার পর মুক্তি পান তিনি।
শুক্রবার বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তনয় শাস্ত্রী দাবি করেন, অভিনেত্রীকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। তিনি জানান, বনগাঁ থানায় মিমির বিরুদ্ধে লিখিত অভিযোগ ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক সম্মানহানির অভিযোগে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলাও করেছেন।
বিজ্ঞাপন
তনয়ের ভাষ্য, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মিমি ২ লাখ ৬৫ হাজার রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত কাজ সম্পন্ন না করায় তিনি সেই অর্থ ফেরত চান। তার দাবি, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসায় তাকে শুধু মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল—এ ছাড়া কোনো ধরনের অপমান করা হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খাটানো হয়েছে। জেল থেকে বেরিয়েই তিনি জানিয়েছিলেন, “আমি এর শেষ দেখে ছাড়ব।”
বিজ্ঞাপন
এ ঘটনায় এখন পর্যন্ত মিমি চক্রবর্তী–এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








