অভিনেতা শামস সুমন মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কার্ডিয়াক অ্যারেস্টে তিনি ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
সহকর্মী অভিনেতা সুজাত শিমুল জানান, বিকেল পাঁচটার পর হঠাৎ অসুস্থ বোধ করেন শামস সুমন। বিষয়টি তিনি অন্য এক অভিনেতাকে জানান। পরে তাকে দ্রুত রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন শামস সুমন। পরবর্তীতে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। তার স্বতঃস্ফূর্ত ও সাবলীল অভিনয় প্রশংসিত হয়েছে দীর্ঘদিন ধরে।
বিজ্ঞাপন
অভিনয়ের পাশাপাশি তিনি একটি বেসরকারি এফএম রেডিও স্টেশনের স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন নাটকে তাকে নিয়মিত দেখা না গেলেও প্রাতিষ্ঠানিক দায়িত্বেই বেশি সময় দিতেন।
অভিনয়ে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
শামস সুমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।








