ট্রলকারীদের মজার ছলে চুপ করালেন দীপিকা, মন্তব্য ভাইরাল

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা কখনো থামে না। সম্প্রতি রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’-এর বড় সাফল্যের পর দীপিকার নীরবতা নিয়ে নেটদুনিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
নেটিজেনদের অনেকেই জানতে চান, রণবীরের এই বহুল আলোচিত ছবির স্ক্রিনিংয়ে কেন দেখা যায়নি দীপিকাকে। এমনকি ছবিটি সফল হওয়ার পরও কেন তিনি সামাজিক মাধ্যমে কোনো অভিনন্দন বার্তা দেননি—এ নিয়েও চলে আলোচনা-সমালোচনা।
অবশেষে সেইসব ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা। তবে রাগের মাথায় নয়, বরং বেশ মজার ছলে এবং বুদ্ধিমত্তার সঙ্গেই বিষয়টির মোকাবিলা করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রিলের কমেন্ট সেকশনে এক ভক্ত দীপিকাকে প্রশ্ন করেন তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন, নাকি তার নীরবতাকে মানুষ একটু বেশিই বিশ্লেষণ করছে?
বিজ্ঞাপন
জবাবে দীপিকা লেখেন, ‘দ্বিতীয়টি, আমার বন্ধু... আমি ‘ধুরন্ধর ২’ তোমাদের সবার অনেক আগেই দেখে ফেলেছিলাম।’ এরপরই মজার ছলে ট্রোলারদের খোঁচা দিয়ে তিনি যোগ করেন, ‘এবার বলো কার মজা হলো?’ দীপিকার এই ছোট মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়েছে। অভিনেত্রীর এমন জবাবের পর এবার তার ভক্তরা পাল্টা ট্রোল করতে শুরু করেছেন সমালোচকদের।
দীপিকার এমন বুদ্ধিদীপ্ত ও হালকা মেজাজের জবাবের পর তার ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠেন। কেউ কেউ মন্তব্য করেন, প্রিয়জনকে সমর্থন জানাতে সবসময় প্রকাশ্যে কিছু বলার প্রয়োজন হয় না। আবার কেউ ব্যঙ্গ করে লেখেন, একসঙ্গে একই ছাদের নিচে থাকা দম্পতির ক্ষেত্রে আলাদা করে শুভেচ্ছা জানানোর বিষয়টি অপ্রয়োজনীয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেট থেকে শুরু হওয়া এই প্রেম ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে গড়ায়। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান ‘দুয়া’।








